আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে দুই গ্রুপে সংঘর্ষ, গোলাগুলি

আপডেট : ২২ জুন ২০২৪, ০৯:৪৬ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ববিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে উপজেলার মেথিকান্দা এলাকায় লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রি ও হরযত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ অবস্থায় পলাশতলী এলাকার আবদুল আলীর ছেলে বকুল মিয়া (৪৮) নামের একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতদের নাম জানা যায়নি। লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রির বাড়ির লোকজন নিহত ভাইস চেয়ারম্যান সুমন সমর্থীত।

জানা গেছে, গত ২২ জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। এরপর হযরত আলী ওরফে হরজু সমর্থকদের সাথে লেয়াকত আলী মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধটি বেড়ে যায়। এরই জেরে আজ বেলা সাড়ে ৪টা থেকে দফায় দফায় ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদীর  সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম সাংবাদিকদের বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত