গাজায় যুদ্ধের শুরু থেকেই সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু দিন দিন যেন এই মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার গুলিবিদ্ধি আহত, রক্তাক্ত এক ফিলিস্তিনিকে জিপ গাড়ির সামনে বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সময় গতকাল শনিবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নৃশংস এই ভিডিওটি। যেখানে ইসরায়েলের সামরিক বাহিনীর চলন্ত জিপের বনেটের ওপর আহত এক ব্যক্তিকে দেখা গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে।
ভিডিওর বিষয়ে মুখ খুলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এছাড়া বিবিসির কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাহিনীটি। তারা বলেছে, এই ঘটনায় সেনারা নিঃসন্দেহে প্রোটোকল লঙ্ঘন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
আইডিএফ জানায়, জেনিনে অভিযান চালানোর সময় ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছিলেন।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ওয়াদি বারকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ইসরায়েলের সেনারা। অভিযান চলাকালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ইসরায়েলি সেনারাও পাল্টা গুলি চালায়। এ সময় একজন সন্দেহভাজন আহত হন। প্রটোকল ভেঙে তাঁকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহত ব্যক্তিটির নাম মুজাহেদ আজমি বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি জেনিনের স্থানীয় বাসিন্দা ছিলেন।
অন্যদিকে গুলিবিদ্ধি ওই ফিলিস্তিনির পরিবারের সদস্যদের অভিযোগ, গুলিবিদ্ধ ব্যক্তিটিকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিল তারা। কিন্তু ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স না দিয়ে তাদের জিপের বনেটের সঙ্গে আহত ব্যক্তিটিকে বেঁধে নিয়ে গাড়ি চালাতে শুরু করে।
তবে শেষ পর্যন্ত আহত ব্যক্তিটিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে।
গত ৮ মাস ধরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে সাড়ে ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৮৫ হাজারের বেশি।
