পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিস্মিত মির্জা ফখরুল

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:৩৮ পিএম

সম্প্রতি পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন সরকারি কলেজের কর্মকর্তার অস্বাভাবিক সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে বিস্মিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে তিনি এই বিস্ময় প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতি কাহিনী পত্রিকায় বেরিয়েছে। সাবেক সেনাপ্রধান তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে। আবারো কয়েকজন পুলিশের দুর্নীতি কাহিনী বেরিয়ে আসছে। কিন্তু পরশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্ট্যাটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা দিয়ে হুমকি দেওয়া হলো যে এসব নিউজ প্রকাশ করা যাবে না। কারণ এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয়।

তিনি বলেন, এখন সারা দেশের মানুষ জানে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য কিভাবে অবৈধ সরকারের সঙ্গে যোগসাজস করে বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। শুধু তাই নয় তারা রাষ্ট্রযন্ত্রকে ধবংস করেছে, গণতন্ত্রকে ধবংস করার দায় তাদেরই নিতে হবে।

আওয়ামী লীগে নির্বাচনে ক্ষমতায় আসে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দাবি করে তারা নির্বাচিত সরকার। কিন্ত তারা নির্বাচন করে ক্ষমতায় আসে না। প্রহসনের নির্বাচনের তামাশা করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্র্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত