লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে আজ বুধবার গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
কালীগঞ্জ উপজেলার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ৪-৫ জনের একদল বাংলাদেশি ভারতের ভেতরে প্রবেশ করে। তারা মূলত গরু পারাপারকারী।
এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে নুরুল ইসলামের অন্য সঙ্গীরা তার লাশ নিয়ে ফিরে আসে। খবর পেয়ে উপজেলার গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত নুরুল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি গ্রামের মৃত মঈনউদ্দীন এর ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, খবর জানার পরেই আমি ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় সকাল ১১টার দিকে সীমান্তের নোম্যান্সল্যান্ডে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি।
