কিশোরগঞ্জের ইটনায় ৩৩ কেভি একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় এক যুবক উঠে পড়ায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ২ ঘণ্টা বন্ধ ছিল। আজ বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, আজ সকালে সবার অজান্তে বাড়ির সামনের হাওর সাঁতরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানানোর পর তারা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। এ ঘটনার খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে অভিযানে নামে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়া থেকে নামিয়ে আনেন তারা।
ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরটি জানার পর ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ওই যুবককে উদ্ধারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
একই দিনে দেশে আসছে ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’
ডাক বিভাগে কোটি কোটি টাকা লোপাট, দুদকে প্রতিমন্ত্রীর চিঠি