ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২৭ জুন) অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান এ চিঠি দেন। এতে আছাদুজ্জামানের সম্পদ নিয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। চিঠিতে আছাদুজ্জামানের সম্পদের বিষয়ে তিনটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের শিরোনাম উল্লেখ করা হয়।
গত ১৬ জুন একটি জাতীয় দৈনিকে ‘মিয়া সাহেবের যত সম্পদ’, ২০ জুন আরেকটি দৈনিকে ‘এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ’ এবং ২১ জুন একটি দৈনিকে ‘আছাদুজ্জামানের কত সম্পদ?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে অবসরপ্রাপ্ত এই শীর্ষ পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। চিঠিতে বলা হয়, ‘অত্যান্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি যা দুদকের নিষ্ক্রিয়তা, যেখানে প্রধানমন্ত্রী সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন।’
চিঠিতে বলা হয়, জাতীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অতএব উক্ত বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান দেশ রূপান্তরকে বলেন, ‘দুদকে চিঠি দিয়েছি। এটাতো একটা প্রক্রিয়ার বিষয়। যদি দুদক কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে আইনি নোটিশ দেওয়া হবে। এরপরও যদি ব্যত্যয় হয় তাহলে হাইকোর্টে রিটে যাব।’
