ক্ষুব্ধ ইংলিশ সমর্থকরা, বাদ যায়নি ফুটবলারদের পরিবারও

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:২৮ পিএম

ইউরোর শেষ ষোলোয় জায়গা করে নিলেও ইংল্যান্ডের খেলায় সন্তুষ্ট নন তাদের সমর্থকরা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও তারা শেষ দুটিতে করেছে ড্র। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও মাঠের মধ্যেই ইংলিশ ফুটবলারদের উদ্দেশ্য করে গ্যালারি থেকে এটাসেটা ছুড়ে মারেন দর্শকরা। এমনকি ক্ষুব্ধ সমর্থকদের হাত থেকে রক্ষা পাননি গ্যালারিতে থাকা ফুটবলারদের পরিবারের সদস্যরাও।

ইংলিশ ডিফেন্ডার এজরি কনসা বলেছেন, ‘স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়দের পরিবার ও বন্ধুবান্ধবরা গ্যালারির যে অংশে বসেছিলেন, সেদিকে তাক করে চারপাশ থেকে বিয়ারের কাপ ছুড়ে মারা হয়েছে। কোচ গ্যারেথ সাউথগেটও ক্ষুব্ধ ব্যক্তিদের লক্ষ্যবস্তু ছিলেন।’

কোচ সাউথগেট অবশ্য লক্ষ্যবস্তু হলেও পাল্টা করতালিতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তবে খেলোয়াড়েরা বিষয়টি নিয়ে পরে তার সঙ্গে কথা বলেননি বলে জানান কনসা।

অ্যাস্টন ভিলায় খেলা ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার খেলোয়াড়দের বন্ধু–স্বজনদের আক্রান্ত হওয়ার বিষয়ে বলেন, ‘আমরা এটা জানতাম। পরিবারের কয়েক সদস্যের গায়ে কিছু বিয়ারের কাপের আঘাত লেগেছে। আমরা খোঁজ নিয়েছি। পরিবারের সঙ্গে বাচ্চারাও ছিল। তাই সব সময়ই খোঁজ রাখতে হয়। জানতে হয়েছে তারা ঠিকঠাক আছে কি না।’

তবে সমর্থকদের এ ধরনের প্রতিক্রিয়া নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানান কনসা। তার মতে, ‘ফুটবলে এমন হতেই পারে।’

তবে কনসা এটাও বলেছেন, ‘আমার ভাই আঘাত পেয়েছে। অন্যদেরও লেগেছে। ম্যাচ শেষে তার সঙ্গে কথা বলেছি। সে বলেছে, ঠিক আছে। এটা স্টেডিয়ামের ডান দিকে হয়েছে, সরাসরি গোলপোস্টের পেছনে নয়। তবে এগুলো চারপাশ থেকেই আসছিল। এটা নিয়ে আমরা খুব বেশি না ভেবে সামনে এগোনোর চেষ্টা করছি।’

সি গ্রুপের শীর্ষ দল হিসেবে ইউরোর শেষ ষোলোয় উঠেছে ইংল্যান্ড। রবিবার কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হবে সাউথগেটের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত