গগলস ছাড়া সাঁতার ডেকে আনছে অন্ধত্ব!

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:৪৯ পিএম

চারিদিকে তীব্র গরম। বেরোচ্ছে ঘাম। হাঁপিয়ে যাচ্ছেন অনেকেই। এর মধ্যেই নিজেকে শীতল করতে সুইমিংপুল কিংবা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার কথা ভাবছেন অনেকে। কিন্তু এসব স্থানে নামার আগে সতর্ক হওয়াটাও জরুরি। কারণ সেখানে লুকিয়ে আছে চোখের জন্য ক্ষতিকারক লুকানো বিপদ।

মরগান সায়েস নামের একজন চক্ষু বিশেষজ্ঞ বলেছেন, গগলস ছাড়া সাঁতার কাটা অন্ধত্বের কারণ হতে পারে। ফলে  পিকনিক কিংবা অবসর কাটানোর জনপ্রিয় স্পটগুলোতে চোখের সুরক্ষা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মরগান এমন সময় বিষয়টি তুলে ধরেছেন যখন চলতি সপ্তাহে যুক্তরাজ্যের কিছু অংশে তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠেছে।

এই চক্ষু বিশেষজ্ঞের মতে, গগলস ছাড়া সাঁতার কাটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কারণ হৃদ বা সুইমিংপুলের পানিতে লুকিয়ে থাকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। বিশেষ করে অ্যাকান্থামোইবা, যা কর্নিয়াকে সংক্রমণ করলে মারাত্মক রোগ হতে পারে। অ্যাকান্থামোইবা কেরাটাইটিসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ব্যথা এবং লালচে ভাব, ঝাপসা দৃষ্টি, হালকা সংবেদনশীলতা ও ভেজা চোখ।

তিনি জানান, প্রায়ই সুইমিংপুলগুলো জীবাণুমুক্ত করতে ক্লোরিন বা অন্য রাসায়নিক ব্যবহার করা হয়। এসব রাসায়নিক যখন ঘাম বা ত্বকের মতো জৈব যৌগের মুখোমুখি হয় তখন ক্ষতিকারক উপজাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

মরগান বলেন, নিজেকে সুরক্ষিত রাখার সর্বোত্তম উপায় হলো সাঁতার কাটার সময় গগলস পরা। কন্টাক্ট লেন্স পরিধানকারীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পানির সংস্পর্শে আসার আগেই কন্টাক্ট লেন্স খুলে ফেলা উচিত। আর সেটা শাওয়ারে হোক বা সুইমিংপুলে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত