ঢাবির ক্যান্টিনে খাসির মাংসের ঝোলের সঙ্গে মিলল টাকা

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাসির মাংসের তরকারিতে ১০ টাকার একটি নোট পাওয়া গেছে। আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী শামীম ক্যান্টিনে খাবার খেতে গিয়ে খাসির মাংসের তরকারিতে ১০ টাকার নোটটি পান। পরে বিষয়টি জানাজানি হলে ক্যান্টিন পরিচালক ওই ছাত্রের কাছে ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে কাজী শামীম সংবাদমাধ্যমকে বলেন, আজ দুপুরে খেতে গিয়ে খাসির মাংস অর্ডার করি। খাবার পাওয়ার পর হাত দিয়েই দেখি ভেতরে একটি ১০ টাকার নোট। পরে পরিচালককে জিজ্ঞেস করলে তিনি ‘সরি’ বলে খাবার রিপ্লেস করে দেন। এটা যেভাবে ছিল মনে হয়েছে টাকাসহ রান্না করা হয়েছে।

মজার ছলে তিনি বলেন, খাসির মাংসের সাথে মসলাস্বরূপ দশ টাকার এ নোট রন্ধনশিল্পে নতুন এক রেসিপি। এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান কাজী শামীম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত