নিজের নামে ইনস্টিটিউট স্থাপনে নিষেধ করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:৩০ পিএম

মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি’ নামের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চেয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম ব্যবহার করতে সম্মতি দেননি। এজন্য প্রতিষ্ঠানটির নাম বদলে হচ্ছে ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন, ২০২৪’ এর খসড়া উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী তার নামের অংশটুকু বাদ দিতে নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে সভায় উপস্থাপিত হওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, এটি তার নামে হবে না। এটি এখন উনার নাম বাদ দিয়ে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন, ২০২৪' এই নামে অনুমোদিত হয়েছে। এই ইনস্টিটিউটটি মূলত আইসিটি সংক্রান্ত প্রযুক্তি, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, গবেষণায় প্রশিক্ষণ প্রদান এবং গবেষণা কার্যক্রম চালু করবে। এটি মাদারীপুরের শিবচরে স্থাপন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি’-এর একটি গভর্নিং বোর্ড এবং একজন প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। এক্ষেত্রে প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত