এবারের কোপা আমেরিকায় অংশ নেওয়া ১৮টি দেশের মধ্যে ৭টি দেশেরই প্রধান কোচ আর্জেন্টিনার। এবং আরও অদ্ভুত বিষয় আর্জেন্টাইন কোচেরা কোপা আমেরিকার ম্যাচে মধ্য বিরতির পর দেরি করে মাঠে আসছেন। এ কারণে এরই মধ্যে শাস্তি পেয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, চিলি কোচ রিকার্দো গারেকা এবং ভেনেজুয়েলার ফার্নান্দো বাতিস্তা। এবার সেই তালিকায় যুক্ত হলো চতুর্থ আর্জেন্টাইন কোচের নাম। তিনি উরুগুয়ের মার্সেলো বিয়েলসা।
মঙ্গলবার সকালে কানসাস সিটিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে উরুগুয়ে। প্রথম দুই ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলা উরুগুয়ের এ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না বিয়েলসা।
লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্তা সংস্থা কনমেবল রোববার এক বিবৃতিতে জানায়, বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের পথে বিরতির পর দেরিতে আসায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোচ বিয়েলসা। সঙ্গে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
বিরতির পর মাঠে ফেরার সময় নিয়ে এবারের কোপা আমেরিকার অবস্থান বেশ কঠোর বলে মনে করেন উরুগুয়ের সহকারী কোচ দিয়েগো রেয়েস মনে করেন, ‘এই নিষেধাজ্ঞা কখনও ভালোভাবে নেওয়া হয় না। কারণ দলের দিক থেকে এটা একটা নেতিবাচক ব্যাপার। সবশেষ ম্যাচে আমরা (দেরি এড়ানোর জন্য) যথাযথ সতকর্তা নিয়েছিলাম, কিন্তু কিছু অনিশ্চয়তা থাকেই যেগুলো সমাধান করা সম্ভব হয় না।’
ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। তবুও জয়ের দিকেই নজর সাবধানী রেয়েসের, ‘সম্ভাব্য সেরা পারফরম্যানসই আমাদের করতে হবে। যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। বিশ্বের সেরা লিগগুলো খেলা ফুটবলার আছে তাদের দলে। বর্তমান কোচের অধীনে অনেক দিন ধরেই তারা ভালো করছে।’
যুক্তরাষ্ট্রের জন্য এ ম্যাচের গুরুত্ব অনেক। ৩ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ টেবিলের দুইয়ে থাকলেও তিনে থাকা পানামার পয়েন্ট সমান। যুক্তরাষ্ট্র হেরে গেলে আর পানামা বলিভিয়ার বিপক্ষে জিতলে বা ড্র করলে দ্বিতীয় দল হিসেবে পানামা পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে।
