ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ‘মিসটিয়ানো পেনালদো’!

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১২:৪০ পিএম

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বহু আগে থেকেই ‘পেনালদো’ বলে বিদ্রূপ করেন অনেকেই। পেনাল্টি থেকে গোল করতে সিদ্ধহস্ত হওয়ায় তার এই উপাধি। এবার বিবিসিও হাঁটল সাধারণ ফুটবল দর্শকদের পথেই। রোনালদোকে তারা বানিয়ে দিল ‘মিসটিয়ানো পেনালদো’!

ইউরোতে সোমবার পর্তুগাল বনাম স্লোভেনিয়া ম্যাচটি যারা দেখেছেন, তারা ঘটনাটি সম্পর্কে ধারণা পেতে পারেন। ম্যাচের শেষদিকে অতিরিক্ত সময়ের ত্রয়োদশ মিনিটে পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। কিন্তু রোনালদোর স্পট কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওবলাক। এসময় পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে কাঁদতে দেখা যায়। ঠিক তখনই বিবিসি ওই কাণ্ড করে! বিবিসির সেই ক্যাপশন।

ম্যাচটি যুক্তরাজ্যে সম্প্রচার করছিল বিবিসি। রোনালদো পেনাল্টি মিসের সময় তারা ক্যাপশনে লিখে দেয় ‘মিসটিয়ানো পেনালদো’। এই ঘটনায় কেউ কেউ মজা পেলেও জন টেরির মতো অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।

২০০৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের শ্যুটআউটে বিস্ময়করভাবে পেনাল্টি মিস করা সাবেক চেলসি অধিনায়ক টেরি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিবিসি, এটা কিন্তু অপমানজনক!’

এখন পর্যন্ত বিবিসির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো ব্যখ্যা দেওয়া হয়নি। সোমবারের ম্যাচটি টাইব্রেকারে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত