মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে টিকিটের মূল্য বৃদ্ধি ও ও উদ্যানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় অশ্লীলতার বিষয়ে দেশ রূপান্তরের ভিডিও প্রতিবেদন নজরে এসেছে উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষের।
সংকট সমাধানে অশ্লীলতা বন্ধে ও নিয়ম পুরোপুরি বাস্তবায়ন করতে পুরো উদ্যানকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত। এছাড়া টিকিটের মূল্য কমাতেও মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছেন উদ্যান পরিচালক শওকত ইমরান আরাফাত।
গতকাল ‘অশালীনতাকে প্রাধান্য দিতেই বোটানিক্যাল গার্ডেনে টিকিটের দাম বৃদ্ধি!’ শিরোনামে ভিডিও সংবাদ প্রকাশ করে দেশ রূপান্তর।
আরাফাত বলেন, দ্রুততম সময়ে পুরো উদ্যানকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া আরও প্রাকৃতিক উপায়ে গোছানো হবে উদ্যানকে। আমি দায়িত্ব থাকা অবস্থায় এই উদ্যানকে অনন্য পর্যায়ে নিয়ে যাব। কেবল কিছুটা সময় প্রয়োজন। ইতিমধ্যে টিকিটের মূল্য কমাতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জায়গায় আমি অনুরোধ জানিয়েছি। আশা করি তা বাস্তবায়ন হবে।
এদিকে আজ থেকে নতুন মূল্যে ১০০ টাকা ফি দিয়ে ১২ ঊর্ধ্ব সকলকে প্রবেশ করতে হচ্ছে এবং ১২ বয়সের কম বয়সীদের জন্য দিতে হচ্ছে ৫০ টাকা।
