অবৈধ সম্পদ অর্জন, সাবেক এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম

চট্টগ্রামে অবসরপ্রাপ্ত এক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মোসাব্বির আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের সাবেক সহকারী পরিচালক আবুল হাশেমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে তার বিরুদ্ধে ৪ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৮ লাখ ৬০ হাজার টাকার অবৈধ সম্পদ র্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে ৬ লাখ ৮৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪৩ লাখ ৩২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক, চট্টগ্রাম জেলা ইউনটের উপপরিচালক আতিকুল আলম জানান, স্ত্রীর ব্যবসার টাকায় নগরের খুলশীতে চারতলা বাড়ি নির্মাণ করেছেন বলে দাবি করলেও বাস্তবে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর ব্যবসার কোনো অস্তিত্ব পায়নি দুদক।  

দুদক সূত্র জানায়, চাকরিজীবনে দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৮ সালে আবুল হাশেম ও তার স্ত্রীর সম্পদবিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে তারা সম্পদবিবরণী জমা  দেন। তদন্তে দুজনের বিরুদ্ধে ১১ লাখ ২৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৬১ লাখ ৯২ হাজার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। 

দুদক জানায়, সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম ২০১৫ সালে নগরের খুলশীর রূপসী হাউসিং সোসাইটি এলাকায় চারতলা বাড়ি নির্মাণ করেন। বুটিক ব্যবসায়ী স্ত্রীর আয় দিয়ে বাড়িটি নির্মাণের দাবি করলেও তদন্তে তার স্ত্রী ব্যবসায়ী হওয়ার প্রমাণ পায়নি দুদক।  

১৯৮৮ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন চট্টগ্রামের  রাউজান উপজেলার গশ্চি ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বাসিন্দা আবুল হাশেম। ২০২২ সালে সহকারী পুলিশ সুপার (এসপি) পদে থাকাকালে তিনি চাকরি থেকে অবসরে যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত