কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকা আসরের গ্রুপপর্বের গোড়াপত্তন করেছিল আর্জেন্টিনা। আগামীকাল সকাল ৭টায় টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল পর্বেরও ফিতা কাটবেন মেসিবাহিনী। তবে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে কি জাদুকর লিওনেল মেসি খেলবেন!
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে ‘সম্ভবত’ কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই খেলবেন মেসি। ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তারপরও সম্ভবত বলার পেছনের কারণ কোচ লিওনেল স্কালোনির তৈরি করা ধোঁয়াশা।
আর্জেন্টিনার কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে সৃষ্টি করেছেন এ ধোঁয়াশা। বলেছেন, ‘তার চোটের সবশেষ অবস্থা নিয়ে কথা বলিনি। আমার মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করা ভালো। যতটা সম্ভব মেসি অনুশীলন করছে। ওর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।’
তবে টিওয়াইসি স্পোর্টস এক প্রকার নিশ্চয়তা দিয়েছে যে মেসি থাকবেন শুরু থেকেই। আর সেক্ষেত্রে বেঞ্চে থাকবেন আনহেল দি মারিয়া। আগের ম্যাচে পেরুর বিপক্ষে অবশ্য অধিনায়ক ছিলেন তিনিই। একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে জুলিয়ান আলভারেজের। তার জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে চলতি কোপার সর্বোচ্চ গোলস্কোরার লাউতারো মার্তিনেজকে।
এবারের কোপায় ৪ বার জাল খুঁজে পেলেও তিন ম্যাচের দুটিতে লাউতারো খেলেছেন বদলি হয়ে। মার্তিনেজ-আলভারেজকে এক সঙ্গে খেলানোর আভাসও অবশ্য দিয়েছেন স্কালোনি, ‘একসঙ্গে দুজনকে খেলানো হতেই পারে। অনুশীলনে আমরা এটা নিয়ে কথা বলব। একসঙ্গে খেলানোর সম্ভাবনা আমি বাতিল করছি না। মার্তিনেস এবারের কোপায় দারুণ করছে। সে সুযোগের অপেক্ষা করেছে আর কাজে লাগিয়েছে, এজন্য আমি ভীষণ সন্তুষ্ট।’
গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন মেসি। কোয়ার্টার ফাইনাল সামনে রেখে তাকে পেরুর বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রামে রাখা হয়।
