নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবির ঘটনায় রেখা আক্তার (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রীর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে ও কেরনখলা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের মাদ্রাসা ছাত্রীসহ ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ডিঙি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করলে কিছুটা দূর যেতেই ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছাত্রী ও যাত্রীরা সাঁতার কেটে এবং স্থানীয়দের সহায়তায় রক্ষা পায়। কিন্তু মাদ্রাসা ছাত্রী রেখা নিখোঁজ হয়।
নৌকা ডুবে যাওয়া নৌকার যাত্রী সোহেল রানা বলেন, নৌকায় বেশি মানুষ নেওয়া ও নৌকার নিচ দিয়ে ভাঙা থাকার কারণেই নৌকাটি ডুবে যায়। আমি না করছিলাম চালক পুরাতন লোক বলে বেশি যাত্রী উঠায়। নৌকা কিছু দূর যেতেই ডুবে গেছে।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী বলেন, নৌকার নিচে ছিদ্র ও বেশি যাত্রী নেওয়ার জন্যই নৌকাটি ডুবে গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই উদ্ধার কাজ শুরু করা হবে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থল ঘুরে এসেছি। আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে আছে। ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করবে।
