পানিতে ভাসছিল ফারদিনের মরদেহ 

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম

ফরিদপুর গোসল করতে নেমে নিখোঁজের দুইদিন পরে কলেজ ছাত্র ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের কুমার নদে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তারা।

এর আগে বুধবার বিকেলে শহরের মদনখালী স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসলে নামে ফারদিন। একপর্যায়ে স্লুইস গেটের উপর থেকে লাফ দেয় ফারদিন ও ফেরদৌস। পানিতে পড়ে ফেরদৌস তীরে উঠে আসতে পারলেও ফারদিন ডুবে যান। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয়।

এরপর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসর ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পাননি। অবশেষে রাতে মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

নিখোঁজ ফারদিন শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে। তিনি সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ফারদিনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া মাত্রই এলাকাবাসী এবং ফারদিনের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত