দেশে পরিবর্তনের সূচনা হলো: জয়ের পর স্টারমার

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:৩৪ পিএম

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা কিয়ের স্টারমার।

সেন্ট্রাল লন্ডনে নিজের নির্বাচনী আসনে সমর্থকদের সামনে হাজির হয়ে তিনি বলেছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের দেশকে বদলে দিয়েছেন। জনগণের এই বিপুল ম্যান্ডেটের সঙ্গে বিরাট এক দায়িত্বও এসে পড়েছে। রাজনীতিকে আমাদের আবার ফিরিয়ে নিতে হবে জনগণের সেবায়। আমাদের সরকার দেখাবে, আমরা সবার মঙ্গলের জন্যই কাজ করছি।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি। সেখানে বিবিসির সর্বশেষ ঘোষিত ফলাফলে ৪১২টি জিতে নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে মধ্য বামপন্থি দল লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে।

২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা রক্ষণশীলদের যে ভরাডুবি হতে চলেছে, তা অনুমিতই ছিল। এ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত পেয়েছে মাত্র ১২১টি। অর্থাৎ আড়াইশোর বেশি আসন তারা হারিয়েছে।

এবারের নির্বাচনের যে লেবার জোয়ার দেখা যাবে, সেই পূর্বাভাস ভোটের আগেই মেনে নিয়েছিলেন সবচেয়ে কম বয়সে যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়া সুনাক। নিজের দলের বড় হারের পর তিনি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত