ধর্ষণের পর নারীকে আত্মহত্যার প্ররোচনা, গ্রেপ্তার ১

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৯:৫৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের পর এক নারীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত জহিরের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে বিশনন্দী ইউনিয়নের চালাকচর থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর জহিরুলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা হয়। জহির রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এ মামলায় গ্রেপ্তারের পর কারাবাস শেষে চলতি বছরের ২৪ মে জামিন পান। বাড়িতে এসে তিনি ও তার বাবা ভুক্তভোগী মেয়েটিকে মারধর করে মামলা তুলে নিতে চাপ দেন। এতে রাগে-দুঃখে মেয়েটি বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। এ ঘটনায় মেয়েটির চাচা গত ৩০ মে মামলা দায়ের করলে জহিরের বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, গ্রেপ্তারকৃত রেজাউলকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জহিরুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত