স্যামসাংয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯:০৯ পিএম

দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকসে ন্যায্য বেতন এবং অন্যান্য সুবিধার দাবিতে ইউনিয়নভুক্ত কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। স্থানীয় সময় আজ বুধবার দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কম্পানির শ্রমিকরা এই ঘোষণা দিয়েছে। চলতি মাসের ৮ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের সাধারণ ধর্মঘটের শেষ দিনে এ ঘোষণা দেয়া হলো, যা লাগাতার চলবে।

শুরুতে তিন দিনের জন্য ধর্মঘট ডাকা হলেও আজ বুধবার প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন জানিয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দর-কষাকষির টেবিলে আনতে ধর্মঘট চালিয়ে যাওয়া হবে। এই ট্রেড ইউনিয়নটি হাজার হাজার শ্রমিককে প্রতিনিধিত্ব করে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশাল এই প্রযুক্তি কোম্পানির ইতিহাসে চলমান ধর্মঘট সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের ঘটনা। চিপ তৈরির এই কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ বাড়াতে এই ধর্মঘট ডাকা হয়েছে। কর্তৃপক্ষ মাত্র গত সপ্তাহেই জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা বিপুল পরিমাণ পরিচালন মুনাফা করতে যাচ্ছে।

ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিকস ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ‘(আমরা) জুলাইয়ের ১০ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় সাধারণ ধর্মঘট ডেকেছি। আলোচনা করতে কর্তৃপক্ষের কোনো ইচ্ছা নেই, এ কথা জানার পর আমরা এই ধর্মঘট ডেকেছি।’

স্যামসাংয়ে অনেক দিন ধরেই কোনো ট্রেড ইউনিয়ন ছিল না। এরপর জুনে প্রথমবারের মতো শ্রমিকেরা এক দিনের জন্য ধর্মঘট করে। ইউনিয়নের সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি। কোম্পানিতে যত শ্রমিক আছেন তার এক-পঞ্চমাংশের বেশি এই ট্রেড ইউনিয়নের সদস্য।

কোম্পানিটি অবশ্য আজ জানিয়েছে, এই ধর্মঘটের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না। একজন মুখপাত্র জানিয়েছেন, স্যামসাং ইলেকট্রনিকস এটা নিশ্চিত করবে যে উৎপাদন প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটবে না। ইউনিয়নের সঙ্গে সরল বিশ্বাসে দর-কষাকষি করতে কোম্পানি অঙ্গীকারবদ্ধ বলে ওই মুখপাত্র জানান।

গত জানুয়ারি থেকে ইউনিয়ন ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। কিন্তু আলোচনায় অগ্রগতি নেই। ইউনিয়নের সর্বশেষ দাবি, সব সদস্যের জন্য ৫ দশমিক ৬ শতাংশ বেতন বৃদ্ধি, কাজের ওপর ভিত্তি করে স্বচ্ছতা নিশ্চিত করে বোনাস প্রদান, ধর্মঘটের কারণে আর্থিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এবং ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে ছুটি ঘোষণা।

দক্ষিণ কোরিয়ার বিশাল স্যামসাং গ্রুপের প্রধান কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকস। এশিয়ার চতুর্থ বৃহত্তম এই অর্থনীতির দেশে পরিবার পরিচালিত যেসব ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে এটিই সবচেয়ে বড়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত