চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি সোনার বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃত সোনা পাচারকারী আকরাম হোসেন উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বাগানপাড়ার মৃত আব্দুস সত্তারের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নিচে অভিযান চালায়।
এ সময় বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। আটককৃত মোটরসাইকেল চালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সঙ্গে লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। এসব প্যাকেটে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি সোনার বার পাওয়া যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলসহ ৮টি সোনার বার জব্দ করে।
এ ব্যাপারে সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।