স্নাইপার দিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী

  • গাজা শহর ছাড়ার সময় বাস্তুচ্যুতদের ওপর স্নাইপার দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী
  • মরদেহ পরে আছে রাস্তায়, মৃতদেহের কাছেও পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০২:০৯ পিএম

ইসরায়েলের হামলায় গাজার কোন স্থানই আর নিরাপদ নেই। একের পর এক স্থানে ছুটে বেড়াচ্ছেন অসহায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তারপরও মাথাগোজার ঠাই মিলছে না তাদের।  

এরই মাঝে উত্তর গাজায় তীব্র সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের সেন্ট্রাল গাজায় সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। আকাশ থেকে ইসরায়েলের ফেলা লিফলেটে গাজাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে বর্ণনা করে বাসিন্দাদের শহর খালি করতে বলা হয়েছে।

তবে গাজা শহর ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বাস্তুচ্যুতদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি স্নাইপার বাহিনী। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক জানিয়েছেন, গাজা শহর থেকে পালিয়ে আসার সময় ইসরায়েলি স্নাইপার বাহিনী ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে। এমন্তাই জানিয়েছেন গাজার এক সাংবাদিক। খবর আল জাজিরা।

এক নারী আল জাজিরাকে জানান, তিনি গাজা শহরের শুজাইয়া পাড়ার ইয়ারমুক স্টেডিয়ামের মধ্য দিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে বলা হয়েছিল যে এই রাস্তায় ফিলিস্তিনিদের মৃতদেহ রয়েছে যাদের ইসরায়েলি স্নাইপাররা গুলি করেছে।

তিনি বলেন, “আমরা প্যারামেডিক এবং উদ্ধারকারী কর্মীদের সাহায্য চাইতে এসেছি অন্তত মৃতদেহগুলো যেন রাস্তায় না থাকে। রাস্তা থেকে উদ্ধার না করলে তাদের লাশ কুকুর খেয়ে ফেলবে। তাদের কবর দেওয়া দরকার।”

তবে এলাকার আরেক ব্যক্তি জানান, ‘প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছাতে পারেনি। তারা (ইসরায়েলি বাহিনী) আমাদের বলেছিল যে তাদের মৃতদেহ উদ্ধারের নির্দেশনা নেই। এবং যেই মৃতদের কাছে যাবে তাকে সরাসরি গুলি করা হবে।

একাধিক ব্যক্তি আল জাজিরার সাংবাদিককে বলেছেন যে তারা রাস্তায় হাঁটতে থাকা এক ব্যক্তিকে ইসরায়েলি স্নাইপার দ্বারা মাথায় গুলি করতে দেখেছেন। “

প্রত্যক্ষদর্শী একজন জানান, নিহত ওই ব্যক্তি শান্তিপূর্ণভাবে হাঁটছিল এবং তখন তার মাথায় একটি গুলি করা হয়েছিল। পরে বেশ কয়েকজন লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন যে, গাজা শহরের বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতি "গণকষ্ট" সৃষ্টি করছে। সংস্থাটির মতে, যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলটির উত্তরে তিন লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করছে বলে অনুমান করা হয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনিদের শহর ছেড়ে চলে যাওয়ার জন্য ইসরায়েলের আদেশ বেসামরিকদের বিরুদ্ধে একটি "মনস্তাত্ত্বিক যুদ্ধ" কারণ তাদের যাওয়ার জন্য নিরাপদ কোথাও নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত