ইউরোর দ্বিতীয় সেমিফাইনালের পর প্রায় একদিন কেটে গেছে। কিন্তু সেই পেনাল্টি নিয়ে বিতর্ক থামছেই না। ম্যাচের প্রথমার্ধে হ্যারি কেইনের শট ঠেকাতে গিয়ে তাকে ফাউল করে বসেন নেদারল্যান্ডসের ডেনজিল ডামফ্রিস। ভিএআরে যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে সেই পেনাল্টি মানতেই পারছে না ডাচরা। এমনকী সাবেক ইংলিশ ফুটবলাররাও মুখ খুলেছেন।
গত বুধবারের ম্যাচে এই পেনাল্টি থেকেই হ্যারি কেইনের গোলে সমতায় ফিরেছিল ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল এটাকে পেনাল্টি মানতে রাজি নন। আইটিভিকে তিনি বলেছেন, “ডিফেন্ডার হিসেবে মনে করি, এটা লজ্জার। সহজাতভাবেই শট ঠেকানোর চেষ্টা করা হবে, এটা পেনাল্টি নয়। পেনাল্টি হওয়ার ধারেকাছেও ছিল না। আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, আমরা জানি না, পেনাল্টি কী। সত্যি বলতে এটা পেনাল্টি নয়। আমার মনে হয় বক্সে এমন শট ঠেকানোর লাইসেন্স আছে।”
ইংল্যান্ডের আরেক সাবেক ফরোয়ার্ড ইয়ান রাইট আবার উল্টো কথা বলেছেন, “এখন যেভাবে পেনাল্টি দেওয়া হয়ে থাকে, সেদিক থেকে দেখলে এটা লাগামহীন (ফাউল) ছিল। এ কারণেই পেনাল্টি দেওয়া হয়েছে। মাঠের অন্য যেকোনো জায়গাতেও এটা ফাউলই।”
শেষ পর্যন্ত ম্যাচটি ২–১ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি কেইন অবশ্য দাবি করেছেন, তাকে বক্সের ভেতর বাধা দেওয়া হয়েছিল, “আমার পা ঝুলে ছিল, অবশ্যই সে আমাকে ধরেছে। মাঝেমধ্যে আপনি এগুলো পাবেন, মাঝেমধ্যে পাবেন না। সুযোগ পেয়ে অবদান রাখতে পেরে ও বল জালে জড়াতে পেরে আমি খুশি। আসলেই চমৎকার এক অনুভূতি। ইতিহাস তৈরি হলো। অসাধারণ অর্জন। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত।”
'চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত'
মারামারি দেখে বিয়েলসা ভেবেছিলেন শুভেচ্ছা বিনিময় চলছে!
দ্রাবিড়ের চেয়েও বেশি বেতন পাবেন গম্ভীর