রাজশাহীর আম মানেই ভিন্নরকম স্বাদ। আর সেই স্বাদের আম রিকশা চালকদের মাঝে বিতরণ করছেন খালেদ মাসুদ পাইলট।
নিজের জন্মস্থান রাজশাহীতে পাইলটের আছে বাগান বাড়ি। সেখানে নিতান্ত শখের বশে আম বাগান গড়ে তুলেছেন তিনি। সেই আম এতদিন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের পাঠালেও এবারে শ্রমজীবীদের মধ্যে বিতরণ করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাইলট বলেছেন, 'শখের বসেই আমার জন্মস্থান রাজশাহীতে একটা খামার বাড়ি করেছি, যার অনেকটা জুড়েই আছে আম বাগান। বাণিজ্যিক কোন উদ্দেশ্যে যেহেতু বাগানটি করা হয়নি, সে কারণে প্রতি বছরই এখানকার আম আমি পৌঁছে দেই আমার স্বজন কিংবা বন্ধুদের বাড়িতে।'
তিনি যোগ করেছেন, 'এবার সিদ্ধান্ত নিয়েছি রাজধানী ঢাকায় ছড়িয়ে থাকা শ্রমজীবি মানুষ বিশেষ করে রিকশা চালকদের মৌসুমি ফলের স্বাদ দিবো। যাদের ঘামে সচল থাকছে ঢাকার চাকা তাদের জন্য আমার এ ছোট্ট প্রয়াস।'
