বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়। ছবিতে দেখা যায়, বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। এই ছবিটি এআই দিয়ে বানানো হতে পারে বলে দাবি করেছেন ফারুক। আর খালেদ মাসুদ পাইলট ছবিটির পেছনের আসল ঘটনা জানিয়ে গুজব নাকচ করে দিয়েছেন।
আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, 'আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে।'
'আঙুলটা এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।'
প্রেসিডেন্ট বক্সে অবস্থান করার সময় পরিচালকদের ছবি তোলায় সেই ফটোসাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক বলেন, 'আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।'
'আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।'-যোগ করেন তিনি।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে পাইলট লিখেছেন, ছবি দেখে গল্প বানানো সহজ, কিন্তু সত্যটা জানা জরুরি। একটি ছবি নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। নাজমুল ভাই, ফারুক ভাই ও আমি রংপুর স্টেডিয়ামের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করছিলাম, এর বাইরে কিছুই নয়।
ক্ষুব্ধ সাবেক অধিনায়কের মতে, স্রেফ কিছু ‘ভিউ’ পাওয়ার আশায় ফেসবুকে নেতিবাচক ও ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে। এ সময় তিনি গুজব এড়িয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান। ভিডিও বার্তায় পাইলট বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন,‘আপনারা ফেসবুকে যে ছবিটি ভাইরাল হতে দেখছেন, সেখানে ফারুক ভাই নাজমুল ভাইকে বাজেভাবে কিছু বলছেন- এমন কোনো ঘটনাই আসলে ঘটেনি। আমরা তিনজন মিলে প্রেজেন্টেশন বক্সে বসেছিলাম। নাজমুল ভাই উপরে ছিলেন, আমি তার নিচের ধাপে ছিলাম।
আমাদের মধ্যে মূলত আগের দিনের রংপুর সফর, সেখানকার মাঠের ইতিহাস এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলাপ হচ্ছিল।’ পাইলট আরও নিশ্চিত করেন যে, আলোচনার পুরো সময়টা ছিল অত্যন্ত স্বাভাবিক ও ইতিবাচক। কোনো ধরনের উচ্চবাচ্য বা অস্বস্তিকর পরিস্থিতি সেখানে তৈরি হয়নি। স্রেফ একটি মুহূর্তের ছবিকে ভিন্নভাবে উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ভাইরাল ওই ছবিতে বিসিবি প্রেসিডেন্ট বক্সে তীব্র মুহূর্তে দেখা গেছে রাগান্বিত অবয়বে সহ-সভাপতি ফারুক ও পাইলট পরিচালক নাজমুল ইসলামকে কিছু বলছেন। ফারুক আহমেদের আঙুল সরাসরি নাজমুল ইসলামের দিকে, খালেদ মাসুদও আঙুলের ইশারায় কিছু বলছেন।
