মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশে ম্যাচ আয়োজনের আর্জি জানিয়েছেন আইসিসিকে। দেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচারক, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
আজ সংবাদ মাধ্যমকে পাইলট বলেন, 'পারফরম্যান্সের কারণে হতে পারত যে সে ভালো পারফর্ম করছে না বলে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে। কিন্তু কোনো কারণ না দেখিয়ে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। এটা কিন্তু আমাদের নাগরিকদের ছুঁয়ে গেছে। তো আমাদের দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে।'
মোস্তাফিজ ইস্যুতে বিসিবির সঙ্গে জড়িয়ে পড়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর আইপিএলের সম্প্রচার বা এই সংক্রান্ত কোনো অনুষ্ঠানও যেন প্রচার না করা হয়।
এ নিয়ে পাইলট বলেন, 'যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। আমরা দেখবই না ওই খেলা কেননা আমরা ক্রিকেটকে ভালোবাসি অল ওভার অল স্পোর্টসকে ভালোবাসি, কিন্তু আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন তো আমার কাছে মনে হয় যে ওইটা আমাদের এভয়েড (না দেখা) করাই উচিত।'
একইসাথে নিরাপত্তার কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। শ্রীলঙ্কায় বাংলাদশের ম্যাচগুলো স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই সিদ্ধান্তের পক্ষে মত দিলেন পাইলট।
তিনি আরো বলেন, 'সাধারণ নাগরিক হিসেবে সেখানে একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে যেকোনো একটা দুর্ঘটনা হতে পারে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো সিদ্ধান্ত বোর্ড আইসিসিকে জানিয়েছে যে একটা অন্য ভেন্যু তৈরি করা।'
'আমরা বিশ্বকাপ খেলব কিন্তু আইসিসির অধীনে এবং আপনাকে কিন্তু দিনশেষে চিঠিটা দিতেই হবে আইসিসিকে এবং আইসিসি কতখানি স্বচ্ছ থাকবে অস্বচ্ছ থাকবে (জানি না...)। আমরা সবাই জানি যে আইসিসিতে বেশিরভাগই কিন্তু দাপট দেখাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড', বলেন পাইলট।
'বাংলাদেশ পাকিস্তান নয়, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়াটা জঘণ্য সিদ্ধান্ত'