একসময় শাবনূরের মতো নায়িকা হতে চেয়েছিলেন নমনি

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:২০ পিএম

সাফানা নমনির মন খারাপ। অন্তত কথা বলে মনে হলো শ্রাবণের আকাশের মতো কৃষ্ণ বর্ণে আচ্ছন্ন। হয়তো ঝরে পড়বে বৃষ্টির মতো। মাশরাফি জুনিয়র নিয়ে কথা বলতেই মণি অর্থাৎ নমনির কণ্ঠ এমনই আভাস দিল। নমনির ভাষ্য, ‘প্রায় ৫ বছর ধরে একটা ধারাবাহিকে কাজ করছি। এখানেই আমি মূলত অভিনয় শিখেছি, ধীরে ধীরে বড় হয়েছি। আমার অনুভূতিগুলো তৈরি হয়েছে মাশরাফি জুনিয়র করতে করতেই। সেটা এক প্রকার শেষ হয়ে যাচ্ছে- স্বাভাবিকভাবেই মন খারাপ আমার।’

নমনি সদ্যই স্কুল থেকে ফিরেছে। ঢাকা ক্যান্ট গার্লস স্কুলে নবম শ্রেণিতে পড়ে। স্কুল থেকে ফিরেই ফোন ব্যাক করেছিল। আর সঙ্গে সঙ্গে শুনতে পায় মাশরাফি জুনিয়র নিয়ে প্রশ্ন। মূলত এ কারণেই পুরনো অনেক কথা মনে পড়ে যায়। নমনি বলল, ‘এই ধারাবাহিক করতে গিয়ে আমি ক্রিকেট খেলাটা শিখেছি। অনেক ক্রিকেট খেলেছি, কিন্তু আমি কখনো আহত হইনি। ছোটখাটো দু-একটা আঘাত আমাকে আহত করতে পারেনি। বরং স্কুলে খেলতে গিয়ে পা মচকে গেছে, সেই অবস্থাতেই আমি শুটিংয়ে অংশ নিয়েছি। এমন অনেক ছোট ছোট বিষয় রয়েছে। যেসব আমার মনে খুব ভালোভাবে জায়গা নিয়ে আছে। স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে, জানি না এর পর্ব বাড়বে কি না।’

নমনি নাকি পরিচালনাও শিখে ফেলেছে। এমনটাই সে হাসতে হাসতে ফোনের ও প্রান্ত থেকে বলল, আমি কিন্তু ধারাবাহিকে কাজ করতে গিয়ে শুধু অভিনয় নয় পরিচালনাটাও শিখে গেছি। সাজ্জাদ সুমন ভাই অসম্ভব ভালো একজন পরিচালক। মানুষ হিসেবেও তিনি অসাধারণ। আর আমি এই ইউনিটের সবচেয়ে ছোট। আমার আবদার কেউ ফেলত না। সুমন ভাইয়ের পরিচালনা দেখতে দেখতে তার কাছে আবদার করে শিখেছি অনেক কিছু। তিনিও আমাকে যত্ন নিয়ে শিখিয়েছেন কীভাবে নাটক পরিচালনা করেন।’

একটা দীর্ঘ ধারাবাহিক করতে গিয়ে অনেক বন্ধু হয়। এই নাটকে আয়ান চরিত্র করেছে সোহেল। আর মণি চরিত্রটা নমনির। এই দুজনের পরিণয়ের সম্পর্ক ছিল, ছিল বন্ধুত্বের। ফলে সোহেলের সঙ্গেই সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়েছে। আসলে একটা ইউনিটে অনেকের সঙ্গেই তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। সেটাই হয়েছে। আর যেহেতু আয়ান চরিত্রের সঙ্গে আমার কাজ বেশি, ফলে সেই ছোট্ট আয়ানের সঙ্গেই আমার বন্ধুত্বটা তুলনামূলক বেশি হয়। যদিও এখন তেমন একটা দেখা হয় না সোহেলের সঙ্গে। তবে মাঝে মাঝে কথা হয়’ বলছিল নমনি।

নমনির আদর্শ শিল্পী ছিলেন শাবনূর। একসময় চেয়েছিল শাবনূরের মতো নায়িকা হবে নমনি। এখনো শাবনূরকে পছন্দ করে। কিন্তু অভিনয়ের আদর্শের জায়গায় আরেকজন চলে এসেছে। তিনি জয়া আহসান। নমনি বলছে, ‘আমি জয়া আহসানের অভিনয় খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। তার অভিব্যক্তি আমার দারুণ পছন্দ। আর নায়িকা হওয়ার বিষয়টা তেমন নেই, হতে চাই অভিনয়শিল্পী। অনেক প্রস্তাব পাচ্ছি। তবে ভালো চিত্রনাট্য পেলে কাজ করব।’

তবে শুধু অভিনয় নয়, পড়াশোনা নিয়ে বেশ নাকি সিরিয়াস সে। নমনির ভাষ্য, ‘আসলে আমি পড়াশোনাটা ভালোভাবেই করতে চাই। শুধু অভিনয় নিয়েই থাকতে হবে এমনটা নয়, আমার ইচ্ছে রয়েছে বড় হয়ে আমি চিকিৎসক হব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত