অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে। আর এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সিভিল সার্জনের কাছে নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন টাঙ্গাইল জেলা সিভিল সার্জন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর আগে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দেন ডা: মোহাম্মদ আব্দুস সোবহান। যোগদানের পর থেকেই হাসপাতালের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ কোন কাজে খরচ না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করে আসছেন। হাসপাতালের এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি পরীক্ষার জন্য রোগীদের রশিদ না দিয়ে অল্প সংখ্যক এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজির টাকা সরকারি কোষাগারে জমা দেন। বাকি বেশিরভাগ টাকা নিজের ব্যক্তিগত কোষাগারে জমা করেন। রশিদ বই এবং রেজিস্টার খাতা যথাস্থানে না রেখে নিজের কাছেই রাখেন তিনি। যে কয়টি পরীক্ষার টাকা সরকারি কোষাগারে জমা করেন তার রশিদ তিনি নিজেই তৈরি করেন। এতে করে বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
এছাড়া সরকারি বিভিন্ন ট্রেনিং ও প্রোগ্রামের টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে অল্প কিছু টাকা বিতরণ করে বাকি টাকা নিজে আত্মসাৎ করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঠিকাদারির বিভিন্ন খাতসহ খাদ্য-পথ্যের ঠিকাদারের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। ফলে ঠিকাদাররা তাদের ঘুষের টাকার উশুল করতে কম ও নিম্নমানের খাবার সরবরাহ করেন। ফলে রোগীরা তাদের প্রাপ্য খাবার থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষুণ্ণ হচ্ছে হাসপাতালের ভাবমূর্তি।
অভিযোগে বলা হয়, হাসপাতালে কর্মরত বিভিন্ন ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তার অনিয়মের প্রতিবাদ করতে গেলে তাদের বিভিন্ন হুমকি-ধামকি ও বদলীর ভয় দেখান। দিনের পর এমন চললেও মুখ বুঝে সহ্য করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে ক্ষুব্ধ হয়ে তারা গত ১০ জুলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে টাঙ্গাইল সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে ১১ জুলাই হাসপাতালে যান সিভিল সার্জন ডাক্তার মো. মিনহাজ উদ্দিন। পরে কর্মরত সবাইকে নিয়ে বসেন তিনি।
অভিযোগ উঠেছে সিভিল সার্জনের হাসপাতাল থেকে ঘুরে যাওয়ার পর অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা। ফলে অভিযোগকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, সিভিল সার্জন চলে যাওয়ার পর তাদের বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাদের আতঙ্কে সময় কাটছে।
অভিযোগের বিষয়ে ভূঞাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, বিষয়টি বসে সমাধান করা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন বলেন, স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে। আর আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
