মির্জা আব্বাস বললেন

কোটা আন্দোলনে বিএনপির নাম জড়ানো সরকারের অপকৌশল

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিএনপির কথা বলে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার সুযোগ নেই। এটা তাদের অপকৌশল ছাড়া কিছুই না। মূলত কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পাঁয়তারা করছে।

আজ শনিবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে। আমাদের আশঙ্কা হচ্ছে- সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উসকানি আছে বলে অন্য দিকে ধাবিত করার অপকৌশল করতে পারে।

বিএনপি এই আন্দোলনে ভর করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে, তাদের দাবি-দাওয়া ন্যায্য। বিএনপি এর সঙ্গে আছে—এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস-অপকৌশল এই আন্দোলনকে অন্য দিকে ধাবিত করার জন্য।

ভোটারবিহীন ডামি সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, বিএনপির আন্দোলন কখনও ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্বাস রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত