মধ্যরাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, ককটেল-অস্ত্র উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০১:৪৮ এএম

মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, লাঠিসোঁটা, ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের সাতজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযান চালানো হয়। 

অভিযান শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকের এ তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, আমরা ডিবি পুলিশ কয়েকদিন যাবত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলাম। এরই প্রেক্ষিতে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

তিনি জানান, এখানে অভিযান চালিয়ে তারা ১০০ এর বেশি ককটেল, ৫-৬ বোতল পেট্রোল, দুই তিনটা রুমে পাঁচশো লাঠিসোঁটা, সাতটা দেশি-বিদেশি অস্ত্র পেয়েছেন তারা। এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। 

এ সময় ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের সাতজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এর মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

হারুন অর রশীদ বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে। গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত