সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। একইসঙ্গে আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত ১ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পত্রের সূত্র ও সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে ১৬ জুলাই রাত ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেয় ইউজিসি। এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিতে বলা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা