ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক কে হচ্ছেন?

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৪২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং কিং বিরাট কোহলিও হেঁটেছেন সেই পথেই। এখন প্রশ্ন, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন কে? এই দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়া। তবে এখনই এই অল-রাউন্ডারকে নাকি নেতৃত্বে আনা হচ্ছে না।

গত আইপিএলে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে আনায় তুলকালাম হয়েছিল। দর্শকদের তোপ আর দুয়োর মুখে ফর্মও হারিয়ে ফেলেন হার্দিক। পরে বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সব জবাব দেন। ভারতের শীর্ষ গণমাধ্যম দাবি করেছে, নতুন কোচ গৌতম গম্ভীর এখনই হার্দিককে নেতৃত্বে চান না। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে।

ভারতীয় গণমাধ্যমের মতে, দ্রুতই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিসিআই। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হবে নতুন অধিনায়কের যাত্রা। হার্দিককে সম্ভবত সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে। বিশ্বকাপেও তিনি এই ভূমিকাতেই ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন সূর্যকুমার। দুটিতেই পেয়েছেন সাফল্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত