লেবাননের বদলে সাফের প্রস্তুতি নিতে সাবিনারা যাচ্ছেন ভুটানে

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৮:০৬ পিএম

ফ্লাইট জটিলতার কারণে ভুটানের বিপক্ষে বাতিল হওয়া ফিফা প্রীতি ম্যাচ দুটি আলোর মুখ দেখেছে। বাংলাদেশ নারী ফুটবল দল থিম্পুতে যাচ্ছেন আগামী ২২ জুলাই। সেই দুটি ম্যাচ খেলবেন ২৪ ও ২৭ জুলাই। আগামী অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে যা হবে সাবিনা খাতুনদের প্রস্তুতির মঞ্চ। 

প্রস্তুতির শুরুটা অবশ্য হয়েছিল গত মাসের প্রথম সপ্তাহে। চায়নিজ তাইপের বিপক্ষে ঢাকায় দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। এরপর লেবাননে যাওয়ার আমন্ত্রণ থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় দল পাঠানোর সবুজ সংকেত দেয়নি। বাফুফে তাই ভুটানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত ভুটানে যাওয়া হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের।

ভুটানের থিম্পুতেই হবে সুমাইয়া মাতসুশিমাদের সঙ্গে ইংলিশ কোচ পিটার বাটলারের প্রথম বিদেশ সফর। সফরে তার দল ভালো করবে বলে প্রত্যাশা তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব কথা জানান কোচ পিটার ও অধিনায়ক সাবিনা খাতুন।

সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ‘সিনিয়র-জুনিয়র মিলিয়েই দল গঠন করা হয়েছে। কিছু খেলোয়াড়কে নানা কারণে আমরা পাইনি। তাদের বিকল্প এসেছে দলে। আশা করছি ভালো কিছুই হবে।’

উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে দলের সঙ্গে খেলা হচ্ছে না তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়রসহ কয়েকজন। চোটের কারণে নেই কৃষ্ণা রানী সরকার ও আকলিমা খাতুন। দলে এসেছেন মিলি আক্তার, সুলতানা, সাগরিকা, অর্পিতা বিশ্বাস, বন্যা খাতুন। এ ছাড়া নিয়মিত খেলোয়াড়দের মধ্যে দলে আছেন সাবিনা খাতুন, সানজিদা আক্তার, রুপনা চাকমা, মারিয়া মান্দা, মাসুরা পারভীন, রিতু পর্ণা, মাতসুশিমা সুমাইয়ারা।

তাদের নিয়েই আশাবাদী অধিনায়ক সাবিনা। তবে প্রতিপক্ষ হিসেবে ভুটানের চেয়ে আরও শক্তিশালী দল আশা করেছিলেন জানিয়ে সাবিনা বলেন, ‘আমাদের খেলার কথা ছিল লেবাননে। সেটা না হওয়ায় এখন খেলতে হচ্ছে ভুটানের সঙ্গে। ভুটান গত কিছুদিনে ম্যাচ খেলেছে এবং উন্নতি করেছে। আশা করছি তাদের সঙ্গে আমাদের ভালো লড়াই হবে।’

সাফের এবারের আসরটিও বসবে নেপালের কাঠমুন্ডুতে। যেখানে ২০২২ সালে হিমালয়ের বুকে ফুল ফুটিয়ে ছিল নারী দল। মেয়েদের সেটাই ছিল প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত