কোটা আন্দোলনের সহিংস পরিস্থিতি শান্ত রাখতে সরকারের দেয়া কারফিউর কারণে পরীক্ষা পেছানোয় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা পেছানোয় এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে সময় কম পাবে তারা। তাই দ্রুত পরীক্ষা চালু করার দাবি জানান।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৫ কেন্দ্রে ১ লাখ ১২ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা জেলায় ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯ হাজার ৩৯৬ জন, নোয়াখালী জেলায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৯ হাজার ৬৬২ জন, ব্রাহ্মণবাড়ীয়া জেলায় ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮টি কেন্দ্রে ১৫ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী, চাঁদপুর জেলায় ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪টি কেন্দ্রে ১৬ হাজার ২১৫ জন পরীক্ষার্থী, ফেনী জেলায় ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩টি কেন্দ্রে ১১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী এবং লক্ষ্মীপুর জেলায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি কেন্দ্রে ১১ হাজার ৩৩০ জন।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৮ হাজার ২৬০ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৭০৪ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৮ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৫২ হাজার ২৬৪ জন এবং বাণিজ্য শিক্ষায় ৩২ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অপরদিকে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের (এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষা দিচ্ছেন। তারমধ্যে ছাত্র সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখা ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫ টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩ টি। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন।
এরমধ্যে ছাত্র সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। মোট কেন্দ্র ১ হাজার ৫৬৬ টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৪ হাজার ৮৭০টি। আলিম পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৭৬ জন। এরমধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী সংখা ৪০ হাজার ৪৮৪ জন। মোট কেন্দ্র ৪৫২টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৬৮৫টি।
এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬৫ হাজার ৪২৪ জন। মোট কেন্দ্র ৭০৭টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৯০৮টি। যা গতবছরের তুলনায় ২০২৪ সালে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪টি, মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।
এ বিষয়ে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাব্বি বলেন, সারাদেশে গত ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ আন্দোলনে আমাদের পাঁচটি পরীক্ষা স্থগিত হয়েছে। এতে আমরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির প্রস্তুতির জন্য পড়াশোনার জন্য কম সময় পাবো। তাই আমাদের কথা বিবেচনা করে দ্রুত পরীক্ষা চালু করার দাবি জানাই সরকারের কাছে।
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফয়সাল মাহমুদ বলেন, এইচএসসি পরীক্ষার পর একদম কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হতে হয়। এ কম সময়ের মধ্যে একজন শিক্ষার্থীকে তার ভবিষ্যতের চিন্তা করে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। না হয় তার জীবনটা বৃথা। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তাই দ্রুত পরীক্ষা চালু করার দাবি জানান তিনি।
জানা যায়, আন্দোলন কিংবা কারফিউর কারণে স্থগিত হওয়া ১৪ জুলাই, ১৬ জুলাই, ১৮ জুলাই, ২১ জুলাই ও ২৩ জুলাইয়ের পরীক্ষার স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার রুটিন এখনও হয়নি। এর মধ্যে আজ আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, কারফিউ কিংবা অস্থিতিশীল পরিবেশের কারণে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে একসঙ্গে পরীক্ষা স্থগিত করে। শুধু কুমিল্লা বোর্ড একা না। কবে পরীক্ষা চালু হবে জানতে চাইলে তিনি বলেন, কবে চালু হবে সেটিও মন্ত্রণালয়ের বিষয়।
রিয়ার মাথায় গুলি লেগে মগজ ছেদ করে বেরিয়ে গেছে
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের স্বেচ্ছায় অব্যাহতি
‘চোখের সামনে ভাইডা মরে গেল, কিচ্ছু করতে পারলাম না’