কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রামপুরা ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার এ রিমান্ড মঞ্জুর করেন।
গত (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা করা হয়। এ ঘটনায় পরের দিন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারাসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার নিয়ে ডিআইটি রোডগামী রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। এরপরই বিএনপি ও জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশ এবং সক্রিয় অংশগ্রহণে অজ্ঞাতনামা তিন-চার হাজার কর্মী বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিমানবন্দরে জমে থাকা কার্গো দ্রুত খালি করার নির্দেশ
আগামী তিন দিন ৬ ঘণ্টা করে চলবে অফিস