লেনদেনের সময় বাড়ছে ব্যাংক-পুঁজিবাজারে

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৮:১১ পিএম

কারফিউয়ের মধ্যে আগামী রবি থেকে মঙ্গলবার নতুন অফিস সূচিতে কর্মঘণ্টা বাড়ানোর পর ব্যাংক ও পুঁজিবাজারেও নতুন সময়সূচি ঘোষণা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন শুরু হবে স্বাভাবিক সময়ের মতোই সকাল ১০টায়। 

ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত, তবে লেনদেন চলবে ৩টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, এর পর আরও দুই ঘণ্টা চলে অন্যান্য কার্যক্রম।

পুঁজিবাজারে লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত, এর মধ্যে স্বাভাবিক লেনদেন হবে ১টা ৫০ মিনিট পর্যন্ত; পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং সেশন। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, এর মধ্যে লেনদেন চলে ২টা ২০ মিনিট অবধি, বাকি ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন।

এর আগে কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর গত বুধবার ও বৃহস্পতিবার ব্যাংকগুলোর কিছু শাখা খোলে। এসব শাখায় বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সীমিত পর্যায়ে কিছু সেবা দেওয়া হয়। বুধবার ব্যাংকের ৫০ শতাংশ শাখা ও বৃহস্পতিবার ৭৫ শতাংশ শাখা খোলা রাখতে বলা হয়েছিল। তবে বাস্তবে প্রায় সব শাখা খোলা ছিল।

রোববার থেকে কারফিউ চলমান থাকবে কি না, বা শিথিলের সময় বাড়বে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত এখনো আসেনি। নতুন সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে অফিস সময় ঘোষিত হয়েছে ৯টা থেকে ৩টা পর্যন্ত। অর্থাৎ সরকারি দপ্তর, আদালত ও বেসরকারি অফিস খোলা থাকবে ৬ ঘণ্টা, যা আগের সপ্তাহের শেষ দুই কর্মদিবসে চলেছে চার ঘণ্টা। স্বাভাবিক সময়ে অফিস খোলা থাকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত