দ্বিতীয় রাউন্ডে 'নাদালকারাজ' জুটি

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১০:৩৩ এএম

স্প্যানিশ টেনিসের দুই প্রজন্মের সেরার জুটি বেঁধে এটা ছিল প্রথম ম্যাচ। প্যারিস অলিম্পিকে কিংবদন্তি রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজের দৈত ম্যাচে নজর ছিল সবার। ভক্তদের প্রত্যাশা পূরণ করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তারা।

পুরুষ টেনিসের দ্বৈত ইভেন্টে প্রথম রাউন্ডে নাদাল-আলকারাজ জুটি ৭-৬ (৪), ৬-৪ গেমে হারিয়েছেন আন্দ্রেস মোলতিনি ও ম্যাক্সিমো গঞ্জালেস জুটিকে।

২১ বছর বয়সী আলকারাজের আইডল ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। স্প্যানিশ কিংবদন্তি নাদালের বয়স বর্তমানে ৩৮। বয়স বিবেচনায় এটিই তার শেষ অলিম্পিক। টেনিস ক্যারিয়ারে শেষ মৌসুমও হতে পারে।

প্যারিস অলিম্পিকের পরই অবসর নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে নাদাল বলেন, 'না, আমি কখনোই এমনটি বলিনি। আজ (শনিবার) দারুণ এক দিন কাটলো, গতকালের (অলিম্পিক মশাল বহনের) পর। আমি প্রতিটি সময় উপভোগ করছি।'

নাদালকে নিয়ে আলকারাজ বলেন, 'রাফা, তাকে নিয়ে আর কি বলবো? সিঙ্গেলসে তিনি কতটা দুর্দান্ত খেলোয়াড় তা সবাই জানে। ডাবলসেও তিনি দারুণ টেনিস খেলেন। তার সঙ্গে খেলাটা সহজ।'

বৃটিশ সংবাদ মাধ্যম নতুন এই জুটিকে নাম দিয়েছে 'নাদালকারাজ'।

ডাবলসে ২০১৬ রিও অলিম্পিকে মার্ক লোপেজকে সঙ্গে নিয়ে স্বর্ণ জিতেছিলেন নাদাল। আর ২০০৮ অলিম্পিকে এককে স্বর্ণ পদক আছে নাদালের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত