নতুন তিনটি অনুষ্ঠান, নাটক, সিসিমপুর ও কার্টুন সিরিজ নিয়ে দুরন্ত টিভির ২৮তম সিজনের যাত্রা শুরু হচ্ছে আগামী রবিবার, ২৮ জুলাই, ২০২৪ থেকে। নতুন অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি-সিজন ৩’, ‘আমার ছবি আমার গল্প-সিজন ৩’, ‘রঙ বেরঙের গল্প-সিজন ৬’, এর সাথে থাকছে ‘দুরন্ত সময়-সিজন ৩’, ‘দুষ্টু মিষ্টি-সিজন ২’, ‘গল্প শেষে ঘুমের দেশে-সিজন ২’, ‘চলো যাই যাই যাই’, ‘কার্টুন কার্টুন’, নাটক ‘দুই এ দুই এ ৪’ ও পাপেট নাটক ‘লাল কোহিনুর’, নিজস্ব কার্টুন সিরিজ ‘কুটু ভুটু’ সহ বাংলায় ভাষান্তরিত কার্টুন সিরিজে থাকছে ‘ব্লেজ এ্যান্ড দ্য মনস্টার মেশিন্স’, ‘বাবল গাপিস’, ‘মায়া দ্য বী’, ‘১০০% উলফ লিজেন্ড অফ দ্য মুনস্টোন’ ও ‘কেট এ্যান্ড মিম মিম’।
‘আমার ছবি আমার গল্প - সিজন ৩’
কল্পনা করতে কে না ভালোবাসে? কেমন হবে যদি কল্পনা দিয়ে ক্যানভাস রাঙিয়ে তোলা যায়? আর তৈরি করা হয় দারুণ সব গল্প? তাই দুরন্ত টিভিতে নতুন ভাবে আসছে ছবি আঁকা আর গল্প বলার অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প - সিজন ৩’।
২৬ পর্বের অনুষ্ঠানটির প্রতি পর্বে ২জন তাদের ছবি ও গল্পসহ হাজির হয়। আর তাদের আঁকা সেই ছবিগুলোই মোশন গ্রাফিক্স ও গল্প বলার মাধ্যমে তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানে
‘আমার ছবি আমার গল্প - সিজন ৩’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নাফিসা জারিন মৌমি।
দুরন্ত টিভিতে ‘আমার ছবি আমার গল্প- সিজন ৩’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২ আগস্ট, ২০২৪ থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।
বানাই মজার খাবার মা-বাবা আর আমি - সিজন ৩
বিশেষ বিশেষ রান্না নিয়ে আসছে দুরন্ত টিভির রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি-সিজন ৩’। বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সম্পন্ন খাবার রান্নার প্রক্রিয়া এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। তারা মজার ছলে, আনন্দ করে, গল্প বলে বিভিন্ন ধরণের খাবার রান্না করে। অনুষ্ঠানটিতে সঞ্চালক গল্প বলার মাধ্যমে খাবারের উপকরণগুলো সম্পর্কে মজার মজার তথ্য দেন, এবং খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বলেন। রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা’র সঞ্চালনায় ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি-সিজন ৩’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৮ জুলাই ২০২৪, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৯টায়।
‘রঙ বেরঙের গল্প - সিজন ৬’
গল্প ছাড়া কি সুন্দর সময় কাটে! গল্প বলার আবদার পূরণে ‘রঙ বেরঙের গল্প - সিজন ৬’ আসছে দারুণ সব নতুন গল্প নিয়ে। বই-এর পাতার সেসব গল্প টিভির পর্দায় আনা হয়েছে গল্প বলার মাধ্যমে আর ছবি হয়ে মোশন গ্রাফিক্সের মাধ্যমে।
‘রঙ বেরঙের গল্প - সিজন ৬’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন।
দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২ আগস্ট, ২০২৪ থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে।
‘দুরন্ত সময় - সিজন ৩’
দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময় - সিজন ৩’ আসছে ব্যায়াম শেখার নতুন চমক নিয়ে । ছোট-বড় সবার অংশগ্রহণে মজার একটি ব্যায়াম সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ছড়া গানের তালে সহজ ও প্রাণবন্ত এইসব ব্যায়ামের সাথে ছোটদের উপযোগী যোগব্যায়ামও থাকে এতে। পাশাপাশি ব্যায়াম এর ফাঁকে দেখানো হয় ফিচার। যাতে থাকে ক্রাফট তৈরী, সহজ ছবি আঁকা, মুখোশ তৈরী ইত্যাদি। এছাড়াও একজন অতিথির কাছ থেকে মজার মজার সব গল্প শোনা যাবে অনুষ্ঠানটিতে। কখনোবা সেসব গল্পে অভিনয় করতে দেখা যাবে ছোটদের।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে আগামী ২৮ জুলাই, ২০২৪ থেকে ‘দুরন্ত সময় - সিজন ৩’ প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
‘দুষ্টু মিষ্টি-সিজন ২’
বন্ধুত্বের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প বলা আর মজার মজার খেলায় মেতে ওঠার অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। অনুষ্ঠানটিতে দুজন বন্ধু ছাড়াও দেখা যাবে কখনো পাপেট পড়শীকে আবার কখনো বাবুইকে। এছাড়াও থাকবে একজন সহকারী।
দুষ্টু মিষ্টি অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচারিত হবে ২৮ জুলাই ২০২৪, রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে।
দি আর্ট রুম
ক্র্যাফটিং বিষয়ক অনুষ্ঠান ‘দি আর্ট রুম’ দেখা যাবে দুরন্ত টিভির ২৮তম সিজনে। হাতের কাছে পাওয়া যায় এমন জিনিস দিয়ে নিমিষেই দারুণ কিছু তৈরি করার অভিনব কৌশল শেখায় লালন। তার সাথে থাকে তার বন্ধু বিপিন, যে কিনা আবার মজার মজার গান শোনায়।
দুরন্ত টিভিতে ‘দি আর্ট রুম’ প্রচারিত হবে আগামী ২৮ জুলাই ২০২৪, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টায় ও সন্ধ্যা ৬টায়।
গোয়েন্দা কমেডি নাটক ‘দুই এ দুই এ ৪’
গ্রামের সহজ সরল লাল কাকু আর ইংলিশ মিডিয়াম পড়–য়া দুই ভাইবোনের একজন ফেলুদা ভক্ত বিশ্ব অপরজন ইতিহাস অনুরাগী বীনা- এই তিন রহস্যপ্রেমীর চেষ্টায় একে একে জট খুলতে থাকে লালকাকুর বাক্সে পাওয়া দাদুর চিঠির ধাঁধায় গুপ্তধনের রহস্য, মুশফিকদের বাড়ির চুরির রহস্য ও কুকুরছানা হারানোর রহস্য। এভাবে যেখানেই রহস্যের গন্ধ সেখানেই ছুটে যায় এই ক্ষুদে গোয়েন্দা দল। সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তারা রহস্যের সমাধানে এগিয়ে যায়।
যুবরাজ খান পরিচালিত গোয়েন্দা গল্প নিয়ে কমেডি নাটক ‘দুই এ দুই এ ৪’ প্রচারিত হবে ২৮ জুলাই থেকে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে ও রাত ৮টায়, শুধুমাত্র দুরন্ত টিভিতে।
‘মায়া দ্য বী’
দুরন্ত মৌমাছি মায়া সবার থেকে আলাদা। অন্য সব মৌমাছি মিস ক্যাসান্ড্রার নিয়ম মেনে চলে। কিন্তু অভিযানপ্রিয় মায়া নানান দুঃসাহসিক কাজ করে বেড়ায়। যেমন নৌকা বাইচ, পাহাড় চড়াসহ নানা কিছু। এসব করতে গিয়ে তাকে প্রায়ই বিপদে পড়তে হয়। মায়ার এসব দুঃসাহসিক কাজে তার সাথে থাকে ফ্লিপ ও উইলি। এই তিন বন্ধুর প্রতিদিনের অভিযান নিয়ে ওয়াল্ডমার বনসেলস এর বিখ্যাত বই থেকে তৈরি কার্টুন সিরিজ ‘মায়া দ্য বী’।
দুরন্ত টিভিতে কার্টুনটি প্রচারিত হবে আগামী ২৮ জুলাই ২০২৪, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
ব্লেজ এ্যান্ড দ্য মনস্টার মেশিন্স
‘ব্লেজ’ এক গাড়ির নাম আর তার চালক হলো ‘এজে’। তারা দু’জন খুব ভালো বন্ধু। তারা অংশ নিতে চায় এক রেসে এবং এখানেই তাদের পরিচয় হয় গ্যাবি ও ক্রাশারের সাথে। ব্লেজ ও এজের রেসের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ায় ক্রাশার। শুরু হয় নতুন অভিযানের। বাকিটা জানতে হলে দেখতে হবে দুরন্ত’র কার্টুন সিরিজ ‘ব্লেজ এ্যান্ড দ্য মনস্টার মেশিন্স’।
কার্টুন সিরিজটি প্রচারিত হবে ২৮ জুলাই ২০২৪, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ও দুপুর ১২টা ৩০ মিনিটে।
বাবল গাপিস
মলি, গিল, গবি, ডীমা, উনা ও ননি- ছয় বন্ধু। পানির নিচে ওদের বসবাস। প্রতিদিনই তারা নতুন নতুন বিষয় আবিষ্কার করে এবং তা থেকে শিখে নেয় অনেক কিছু। গানে ও গল্পে এগিয়ে চলে ছয় বন্ধুর নানান অভিযান। রোমাঞ্চকর সব ঘটনা নিয়ে দুরন্ত’র কার্টুন সিরিজ ‘বাবল গাপিস’, দেখা যাবে ২৮ জুলাই ২০২৪, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিকাল ৫টায়।
১০০% উলফ লিজেন্ড অফ দ্য মুনস্টোন
শহরে আছে একটা হাওলার একাডেমি, যেখানে শহরের রাত্রিকালীন নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়ার জন্য ট্রেনিং দেয়া হয় ওয়্যারউলফদের। এই নিরাপত্তা বাহিনীর নাম ‘দ্য নাইট প্যাট্রোল’। দিনের বেলায় এই বাহিনীর সবাই মানুষের বেশে থাকলেও রাতের বেলা চাঁদের আলোতে সবাই ওয়্যারউলফে পরিণত হয়। সাধারণ মানুষরা জানে না যে তাদের অগোচরে তাদেরই রক্ষা করার জন্য এমন একটা বাহিনী কাজ করে। এই বাহিনীর দুইজন অন্যরকম সদস্য ফ্রেডি আর ব্যাটি। তারা ওয়্যারউলফ না, ছোট পুডল। কিভাবে এই দুইজন হাওলার একাডেমিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এবং নতুন নতুন বিপদের হাত থেকে শহরকে রক্ষা করে সেই সব অভিযান নিয়েই কার্টুন সিরিজ ‘১০০% উলফ লিজেন্ড অফ দ্য মুনস্টোন’। দুরন্ত টিভিতে কার্টুনটির প্রচার শুরু হবে ২ আগস্ট, ২০২৪ থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে ও বিকেল ৫টায়।
কেট এ্যান্ড মিম মিম
কেটের বয়স ৫ বছর, সে সবচেয়ে ভালোবাসে তার খেলনা বন্ধু খরগোশ মিম মিমকে। দুই বন্ধু ঘুরে বেড়ায় কল্পনার জগতে। বাস্তব জগতে মিম মিম কোন কথা বলতে পারেনা। কল্পনার জগতে সে আকারে অনেক বড় হয় এবং প্রচুর কথা বলে। মিম মিম কিছু ভুল করে কেটকে অবাক করে দেয়। কল্পনার রাজ্যে ওরা পেয়ে যায় কিছু অসাধারণ সাহসী বন্ধু ট্যাক, গবল, লিলি আর বুমারকে। ওরা সহজেই কেট এবং মিম মিমের সাথে মিশে সময়গুলোকে আনন্দময় করে। দুই বন্ধুর নানা রকম সমস্যা সমাধান ও অভিযানের গল্প নিয়ে এগিয়ে যায় ‘কেট এ্যান্ড মিম মিম’ সিরিজটি। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজটি প্রচারিত হবে ২ আগস্ট, ২০২৪ থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টায় ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
