ইরানে তীব্র তাপপ্রবাহ, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • তীব্র তাপদাহে ইরানের ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার
  • হিটস্ট্রোক নিয়ে ২৫৫ জন চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম

তীব্র তাপদাহে পুড়ছে গোটা ইরান। আর এ গরম পরিস্থিতিতে দেশটিতে রোববার সব ব্যাংক ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ২০০ জন।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানে তাপমাত্রা ৩৭-৪২ ডিগ্রি পর্যন্ত পরিমাপ করা হয়েছে। খবর দ্যা গার্ডিয়ান।

ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, জনগণের স্বাস্থ্য রক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য সারা দেশে ব্যাংক, অফিস এবং সরকারী প্রতিষ্ঠান রবিবার বন্ধ থাকবে এবং শুধুমাত্র জরুরি পরিষেবা এবং চিকিৎসা সংস্থাগুলো খোলা থাকবে।

ইরানের জাতীয় আবহাওয়া সংস্থার কর্মকর্তা সাদেগ জিয়াইয়ান আধাসরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে বলেছেন, শনিবার ইরানের ১০টি প্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের দেলগানে। এই প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

দেশটির জরুরি বিভাগের মুখপাত্র বাবাক ইয়েকতাপারস্ত জানিয়েছেন যে, হিটস্ট্রোক নিয়ে ২৫৫ জন চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রচণ্ড গরমের কারণে কর্তৃপক্ষ শনিবার অনেক প্রদেশে কর্মঘণ্টা কমিয়ে দিয়েছিল বলে জানিয়েছে আইআরএনএ। স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত লোকজনকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে ইরানি গণমাধ্যম।

তাপমাত্রা বৃদ্ধির কারণে গত বছর ইরানে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখন অসহনীয় গরম, খরা ও বন্যা দেখা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত