প্রবল বর্ষণ এবং তার জেরে নদী-নালা-জলাশয়ের পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের ফলে ব্যাপক বন্যার কবলে পড়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ইতিমধ্যে এই দুর্যোগ সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোদং সিনমুন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সিনুইজু শহর এবং উইজু জেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৪২০০ জনের বেশি মানুষ, ভেসে গেছে হাজার হাজার একর জমির ফসল।
সামরিক বাহিনীর হেলিকপ্টার ও বিমানে করে উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রোদং সিনমুন।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে যে সব অঞ্চলে বন্যা দেখা দিয়েছে, সেসবের মধ্যে চীনের সীমান্তবর্তী অঞ্চলও রয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বর্তমানে যে খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, তাকে আরও তীব্র করবে এই বন্যা।
এদিকে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরেজমিনে বন্য পরিস্থিতি পরিদর্শন করেছেন। তিনি দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ব্যাংককে ছুরিকাঘাতে হংকংয়ের জনপ্রিয় মডেল নিহত