ফুলগুলো সব লাল হলো ক্যান?, শোকের রঙ হোক লাল, প্রতিবাদের রঙ হোক লাল—এমন স্লোগান ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা আন্দোলনকে সমর্থন করা শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি পেশার মানুষের স্লোগান যেন একটাই! নিজেদের ফেসবুক প্রোফাইল কিংবা পেইজে লাল রঙের ছবি দিয়ে এমন প্রতিবাদ জানাচ্ছেন তারা।
চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ ফেসবুকে লাল রঙের ছবি দিচ্ছেন তারা। পুরো ফেসবুক হয়ে উঠেছে লালময়। শিক্ষার্থীদের এই ডাকে সাড়া দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
সোমবার রাত থেকেই ফেসবুকে বিভিন্ন তারকাদের প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা গেছে। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক প্রফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও।
‘ন্যায়বিচার বিলম্বিত, ন্যায়বিচার অস্বীকার করা’ ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করে ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনেছেন।
আরেক নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে প্রশ্ন ছুড়েন , ‘ফুলগুলো সব লাল হলো ক্যান?’ । তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও তার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে লাল রঙের ছবি দিয়েছেন। অভিনেত্রী অপি করিম তার ফেসবুক পেইজে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশের সংস্কার প্রয়োজন।
লাল রঙের ছবিতে প্রোফাইল পরিবর্তন করে শিক্ষার্থীদের সঙ্গে একই স্লোগানে শামিল হয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান, ইমরাউল রাফাত, মোস্তফা কামাল রাজ, গোলাম সোহরাব দোদুল, কামার আহমাদ সাইমন, রেদওয়ান রনি, মাবরুর রশীদ বান্নাহ, রায়হান রাফি, অনন্য মামুন, শ্রাবণী ফেরদৌস, জাহিদ প্রীতম, চিত্রনায়ক নিরব, অভিনেতা তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, ইরফান সাজ্জাদ, সালমান মুক্তাদির, সোহেল মণ্ডল, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, লামিয়া তাবাসসুম চৈতি, সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী আশা, নোভা ফিরোজ, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, সায়রা আক্তার জাহান, রাফাহ নানজীবা তোরসাসহ আরও অনেকেই।
এর বাইরেও ফেসবুক প্রোফাইল লাল রঙে পরিবর্তন আনতে দেখা গেছে অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকেও। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘রাফসান দ্য ছোটভাই’সহ আরো অনেকেই তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছেন।
প্রসঙ্গত, সোমবার (২৯ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে এক বিবৃতিতে রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন নির্মম উপহাসের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচির অনুরোধ জানানো হয়। যে ডাকে সাড়া দিতে দেখা গেছে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে।
সিনেমা হল খুললেও নেই দর্শক
জীবন যখন যেখানে যেমন