আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম

সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে তিনি বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়ে চিকিৎসাধীনদের অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আঘাতের তীব্রতা দেখে এবং হামলার নৃশংসতার কথা শুনে শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এ সময় অশ্রু সংবরণ করতে পারেননি। হাসপাতালে পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ড. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এর আগে গত কয়েকদিনে প্রধানমন্ত্রী সহিংসতার শিকার অন্যান্যদের পরিদর্শন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর), বহুল পরিচিত পঙ্গু হাসপাতালে যান।

ইতোপূর্বে প্রধানমন্ত্রী সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০এ ভাঙচুর হওয়া মেট্রো রেল স্টেশন, রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ভবন এবং মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত