প্যারিস অলিম্পিকের দ্রুততম জলমানব ক্যামেরুন ম্যাকএভয়

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:৩১ এএম

অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন ম্যাকএভয়। শনিবার প্যারিস অলিম্পিকের সপ্তম দিনে তিনি দ্রুততম জলমানবের মুকুট পরেন। ৫০ মিটারের সাঁতারে অস্ট্রেলিয়ার প্রথম সোনা এটি।

সাঁতার শেষ করতে ম্যাকএভয় সময় নিয়েছেন ২১.২৫ সেকেন্ড। এছাড়া ২১.৩০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের বেন প্রড। এই ইভেন্টে এটি গ্রেট ব্রিটেনের প্রথম পদক। আর ২১.৫৬ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাউদু।

টোকিও অলিম্পিকে রূপা জিতেছিলেন এই ফরাসি সাঁতারু। ওই আসরে ২১.০৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জেতা যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেল এবার ষষ্ঠ হয়েছেন। উল্লেখ্য, এই ইভেন্টের বিজয়ীকে মেনে নেওয়া হয় দ্রুততম জলমানব কিংবা জলমানবী নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত