জম্মু–কাশ্মীর ভোটের পরিস্থিতি দেখতে যাচ্ছেন ইসি কর্মকর্তারা

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম

চলতি বছরই বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে জম্মু-কাশ্মীরে। তাই ভোটের দিনক্ষণ ঘোষণার আগে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বিধানসভা ভোটের জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিও শুরু করে দিয়েছে। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, তাতে নিরাপত্তা বাহিনীর চিন্তা বেড়েছে। জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে উপত্যকায় মোতায়েন করা বাহিনীও পুনর্বিন্যাস করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ৮ আগস্ট জম্মু-কাশ্মীরে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, কমিশনার গণেশ কুমার ও এসএস সান্ধু। ১০ তারিখ পর্যন্ত তারা থাকবেন সেখানে। সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন। 

জানা গেছে, ১০ আগস্ট নির্বাচন কমিশনের কর্মকতারা জম্মুতে যাবেন। সেখানকার প্রশাসন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তাদের বৈঠক হবে। আলোচনার পর ভোট প্রস্তুতি নিয়ে জম্মুতেই একটি সাংবাদিক সম্মেলন করবেন তারা। মনে করা হচ্ছে, সেখানেই ভোটের দিনক্ষণের হদিস মিলতে পারে।   

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পঞ্চম বর্ষপূর্তি। পাঁচ বছর আগে এই দিনেই উপত্যকার বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে এটিকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর থেকে অনেক বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে ভূস্বর্গে। অশান্তি থামাতে বিপুল সংখ্যক সেনা সেখানে মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত