হবিগঞ্জে চোখে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত শতাধিক

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৮:৩৬ পিএম

হবিগঞ্জে আন্দোলনরত ছাত্রদের সাথে আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন। নিহত রিপন শীল (২৭) চোখে গুলিবিদ্ধ হয়ে হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে মারা যান। 

নিহত রিপন শীল শহরের অনন্তপুর এলাকার রতন শীলের ছেলে। এছাড়া আহতদের মধ্যে অন্তত ২০ জন গুলি ও টেটাবিদ্ধ বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাইম আশরাফ চৌধুরী। অন্যান্য আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। 

ভাঙচুর করা হয়েছে হবিগঞ্জ- ৩ আসনের এমপি আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ মজিদ খানের বাসায়। এ সময় তাদের বাসার সামনে থাকা ৩০টি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় আগুনে পুড়িয়ে দেয়া হয়। আন্দোলনকারীরা এমপির বাসা থেকে রিলিফের কম্বল বের করে আগুনে জ্বালিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শহরের থানার মোড় থেকে কালীবাড়ি ক্রসরোড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা কয়েক ঘণ্টা সংঘর্ষে প্রতিপক্ষের গুলি ও টেঁটায় (বল্লম) অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন।

এ হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বলেন, একজন গুলিতে নিহতের খবর শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত