এই মুহূর্তে যা ঘটছে রাজধানীতে

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। আজ সোমবার এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে এসেছে। রাজধানীর উত্তরা থেকে একটি মিছিল রাজধানীর দিকে আসছে বলে খবর পাওয়া গেছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়ে ফার্মগেটের দিকে এগিয়ে আসছে। দুপুর পৌনে ২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান করছিল। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সমর্থনে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন হাজারো ছাত্র-জনতা। দুপুর ১টার দিকে আজিজ মার্কেট ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের দিক থেকে কয়েক হাজার মানুষের দুটি বড় মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আবস্থান নেন।

লংমার্চের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একত্রিত হওয়া ছাত্র-জনতা ঢাকা অভিমূখে রওনা দিয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে তারা সাভার বাসস্ট্যান্ট এলাকায় পৌঁছেছে।

এদিকে আন্দোলন ঘিরে রাজধানীতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ি-কাজলায় ও ঢাকা মেডিকেলের কাছে নতুন ভবন এলাকায় এক দফা দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়েছে। সংঘর্ষে নিহত ছয়জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সংঘর্ষে সাভারের বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। 

এদিকে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে। বৈঠকের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান। সেনা সদর দপ্তরে এই বৈঠক হচ্ছে বলে জানা গেছে।

বৈঠকে ডাক পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। অন্যান্যদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এর আগে দুপুর দুইটার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। সরকারি একটি সংস্থার নির্দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় বলে জানা গেছে। এর কিছু সময় পর মোবাইল ইন্টারনেট চালু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত