বিনোদ কাম্বলির যে ভিডিও নিয়ে আলোড়ন

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১১:১৮ এএম

ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কাম্বলি হাঁটতে পারছেন না! অন্যের সাহায্য নিয়ে কষ্ট করে হাঁটতে হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটিতে দেখা গেছে, ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বাল্যবন্ধু কাম্বলিকে কয়েকজন দু’পাশে ধরে ফুটপাথে তুলে তার গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। ভিডিওটি নিয়ে ক্রিকেটপ্রেমীরা বিস্মিত হয়ে পড়েন। অনেকেই কাম্বলির শারিরীক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

২০১৩ সালে মুম্বাইয়ে গাড়ি চালানোর সময়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন কাম্বলি। তারপর থেকেই তিনি নানারকম শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছর তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। একই বছর স্ত্রী আন্দ্রেয়ার সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। কাম্বলির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী।

১৯৯১ সালে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল কাম্বলির। উশৃঙ্খল জীবনযাপনের জন্য সম্ভাবনাময় ক্যারিয়ার নিজেই ধ্বংস করেছেন। অনেকে তাকে শচীনের চেয়েও বড় প্রতিভাবান বলে থাকেন। ক্যারিয়ার পরবর্তী সময়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। এজন্য তাকে বেশ কিছু চাকরিও ছাড়তে হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত