অল-রাউন্ড পারফর্মেন্সে বাংলা টাইগার্সকে জেতালেন সাকিব

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:৩৫ এএম

দীর্ঘদিন পর অল-রাউন্ডার সাকিব আল হাসানকে খুঁজে পাওয়া গেল বাইশ গজে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সোমবার সারে জাগুয়ার্সের বিপক্ষে ২ উইকেটে জিতেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসগা। দলের জয়ে ব্যাটে-বলে দারুণ অবদান রেখেছেন সাকিব।

বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছিল ১৮ ওভারে। আগে ব্যাট করতে নেমে ১০৮ রান তোলে সারে। সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। দলের আরেক বাংলাদেশি শরীফুল ইসলামও ৪ ওভারে ঠিক ২৪ রান দিয়েই ১ উইকেট নিয়েছেন। তবে সাকিব ব্যাটে-বলে পারফর্মেন্সের পাশাপাশি ৩টি ক্যাচও নেন। তাই ম্যাচসেরা হয়েছেন তিনিই।

রান তাড়ায় পঞ্চম ওভারে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন। এরপর দ্রুত দুই উইকেট হারালে সাকিব খোলসবন্দি হয়ে পড়েন। একপর্যায়ে তার রান ছিল ৯ বলে ৬। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি খেলেন ৩০ বলে ৪টি চার ও একটি ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস। ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তার দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত