ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের একমাসের কিছু বেশি সময় গেছে। এর মাঝেই তারা শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হেরে বসল। এটা ছিল নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথম ওয়ানডে সিরিজ। একটি ম্যাচ টাই হওয়ায় শ্রীলঙ্কা সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। পরাজয়ের কারণ হিসেবে সাহসী ক্রিকেট খেলতে না পারাকে দায়ী করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
৩ ইনিংসে ১৫৭ রান করে সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান রোহিতের মতে, স্পিনারদের বিপক্ষে সাহসী ক্রিকেট খেলতে পারেনি ভারত, ‘যে উইকেট বল টার্ন করে, রান করাটা কঠিন, সে উইকেটে বোলারদের ওপর দাপট দেখানোটা গুরুত্বপূর্ণ। একটু সাহসী ক্রিকেট খেলা জরুরি। আমার মনে হয় না আমরা পুরো সিরিজে তাদের চাপে ফেলার মতো যথেষ্ট সাহসী ছিলাম। যে কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, বিশ্বকাপ জয়ের কারণে ক্রিকেটাররা আত্মতৃপ্তিতে ভূগছিলেন কিনা? তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে রোহিত বলেন, ‘এটা বললে রসিকতা করা হবে। আপনি যখন ভারতের হয়ে খেলবেন, তখন কোনো আত্মসন্তুষ্টিতে ভোগার সুযোগ নেই, অন্তত আমি যত দিন দলকে নেতৃত্ব দিচ্ছি। এমনটা হবে না। আমরা এখানে প্রতিটা ম্যাচেই জেতার চেষ্টা করেছি, সেরাটা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তবে এটা সত্য, আমরা মুখ থুবড়ে পড়েছি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে।’
রোহিত আরও মনে করিয়ে দেন যে, শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে যাওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, ‘একটা সিরিজ হারা মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। আমার মনে হয় না উদ্বেগের কিছু আছে। তবে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, ব্যক্তিগতভাবে নিজের খেলার পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। পুরো সিরিজে আমরা চাপে ছিলাম। পুরো বিষয়টি নতুনভাবে দেখতে হবে, কথা বলতে হবে, নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে।’
অলিম্পিক ব্যর্থতার পর ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল
আজও কাঁকড়া ব্যবসায়ীদের পাওনা মেটাননি সাকিব
কোহলি আর সিরাজের সঙ্গে কী হয়েছিল লঙ্কানদের?