দেশে ফিরলেন ড. ইউনূস, যা বললেন মির্জা ফখরুল

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:১৫ পিএম

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র ও গোটা জাতির পক্ষ থেকে নোবেল বিজয়ী ড. ইউনূসকে মনোনীত করা হয়েছে। তার মতো মানুষ সফল নেতৃত্ব দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি ড. মুহাম্মদ ইউনূস দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনবেন। তিনি যত দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনবেন, ততই সফল হবেন।

তিনি বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তার মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। শুধু কি তাই? হাজার হাজার আহত হয়েছেন। আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে। এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি সেখানে দেখলাম ৮ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছয়শজনের বেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এই হাসপাতালই নয়, অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত।

তিনি বলেন, আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি সেটি দেখার মতো নয়। ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু তারাও গুলিবিদ্ধ হয়ে ইনজুরড হয়েছে। শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে। আন্দোলন চলাকালীন এই ইনজুরিগুলো হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত